ঠোঁট ফ্যাকাশে হয়ে যাচ্ছে? কালচে দাগছোপ পড়েছে? এই ঘরোয়া টোটকাতেই ফিরবে গোলাপি আভা!

ত্বক এবং চুলের যত্নের প্রতি আমরা বেশ সচেতন থাকলেও, ঠোঁটের পরিচর্যায় সাধারণত আমরা তেমন মনোযোগ দিই না। দিনের পর দিন অযত্নের কারণে অনেক সময় ঠোঁটে কালচে দাগছোপ চলে আসে। ঠোঁট ফ্যাকাশে হয়ে যায়। লিপস্টিক দিয়ে তা ঢাকতে চাইলেও সব সময় সম্ভব হয় না। ঠোঁটের রং বদলে যাওয়া নিয়েও তেমন মাথা ব্যথাও থাকে না আমাদের। আসুন জেনে নেওয়া যাক, ঠোঁট কালো হওয়ার নেপথ‍্যে রয়েছে কোন কারণগুলি।

ঠোঁট কেন ফ্যাকাশে হয়?

১) ডিহাইড্রেশনের কারণে ঠোঁট শুষ্ক, ফাটা এবং ফ্যাকাশে হতে পারে।
২) অত্যধিক বিড়ি, সিগারেট সেবনের কারণেও ঠোঁট কালো হয়ে যায়।
৩) সূর্যের অতিবেগুনি রশ্মির কারণেও ঠোঁটে কালচে ভাব চলে আসে।
৪) রক্তাল্পতা বা হিমোগ্লোবিনের ঘাটতি হলে ঠোঁট ফ্যাকাশে হয়ে যেতে পারে।
৫) রক্তে অক্সিজেনের অভাব ঘটলে সায়ানোসিস রোগ দেখা দেয়। যার ফলে ঠোঁট নীলাভ হয়ে যায়।
৬) ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ঠোঁটের রঙ এবং গঠন পরিবর্তন হতে পারে।
৭) লিভার বা কিডনির সমস্যার কারণেও কখনও কখনও ঠোঁটের রঙের পরিবর্তন হতে পারে।

Natural ways to get rid of discoloured lips

ত্বকের মতো ঠোঁটেরও চাই নিজস্ব জেল্লা। আমাদের ঘরেই এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি প্রয়োগ করে সহজেই ঠোঁটের ফ্যাকাশে ভাব দূর হতে পারে। জেনে নিন সেগুলি কী কী।

পাতিলেবুর রস

লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, যা ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করে। ঠোঁটে সরাসরি টাটকা পাতিলেবুর রস লাগান। কয়েক মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

গোলাপ জল

গোলাপ জল শুষ্ক ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। শুষ্ক ত্বকের কোমলতা, মসৃণতা ও জৌলুস ফেরাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। ত্বকের জ্বালা, যন্ত্রণা কমায়। ঠোঁটে গোলাপ জল লাগিয়ে কয়েক মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

মধু

মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে, শুষ্কভাব দূর করে। ঠোঁটে মধু ভালো ভাবে লাগিয়ে মিনিট পনেরো রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল

নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ঠোঁটের গঠন উন্নত করতে সাহায্য করে। অল্প নারকেল তেল নিয়ে ঠোঁটে লাগিয়ে ওই ভাবেই রেখে দিন।

শসা

শসাও ত্বককে হাইড্রেট করে এবং ত্বকের জ্বালা, যন্ত্রণা কমায়। ঠোঁটে শসার রস বা শসার পাতলা স্লাইস লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করে। ঠোঁটে টাটকা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন ভালো ভাবে। ১৫ থেকে ২০ মিনিট পর জলে ধুয়ে ফেলুন।

হলুদ

হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। মধুর সঙ্গে হলুদ গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে ঠোঁটে লাগান। কয়েক মিনিট পর জলে ধুয়ে ফেলুন।

পুদিনা

পুদিনা পাতা বেটে তার রস বার করে ঠোঁটে লাগান। অথবা এই পাতা বাটাও লাগাতে পারেন। মিনিট পনেরো পর ঠোঁট ধুয়ে ফেলুন।

আমন্ড অয়েল

আমন্ড অয়েলে ভিটামিন থাকে প্রচুর পরিমাণে। ঠোঁটকে ময়েশ্চারাইজ করে এই তেল এবং পুষ্টি যোগায়। ঠোঁটে অল্প পরিমাণ তেল লাগিয়ে কয়েক মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন। আরও ভালো ফল পেতে মধুর সঙ্গে তেল মিশিয়েও লাগাতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Monday, November 27, 2023, 21:28 [IST]
X
Desktop Bottom Promotion