Monsoon Hair Care Tips: বর্ষায় চুল ঝরছে বেশি? দেখে নিন কী ভাবে চুলের যত্ন নেবেন

বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন? কিন্তু বৃষ্টির জল চুলের জন্য কতটা ক্ষতিকারক তা কি জানেন? এমনিতেই বর্ষাকালে চুল ঝরে বেশি। খুশকি ও তৈলাক্ত ভাবও বাড়িয়ে তোলে। আর্দ্র আবহাওয়ার কারণে চুল ঠিকমতো শুকোতে চায় না। চুল নিষ্প্রাণ হয়ে পড়ে, চিটচিটে হয়ে থাকে। তাই বর্ষার সময়ে চুলের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়।

চুলের সঠিক পরিচর্যা এবং খাওয়াদাওয়া ঠিক থাকলেই চুলের সমস্যা অনেকটা কমে যায়। বর্ষার দিনে কী ভাবে চুলের বিশেষ যত্ন নেবেন, দেখে নিন এক নজরে।

Monsoon Hair Care Tips

বৃষ্টিতে ভিজবেন না
বর্ষায় খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন মাথায় বসে না যায়। বৃষ্টির জল থেকে চুল বাঁচিয়ে রাখুন। কারণ বৃষ্টির জলে প্রচুর অ্যাসিড ও নোংরাও থাকে। যা চুলের বেশি ক্ষতি করে। তাই বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে চুলে শ্যাম্পু করে নিন। তবে নেহাতই যদি বর্ষায় বাইরে বেরোতে হয়, তাহলে চুলকে রক্ষা করার জন্য রেনকোট, ছাতা, ক্যাপ বা স্কার্ফ ব্যবহার করুন।

ঘন ঘন শ্যাম্পু করুন
বর্ষাকালে সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন। এই সময় স্ক্যাল্পে বা মাথার ত্বকে বেশি তেল উৎপন্ন হওয়ার প্রবণতা থাকে। তাই অ্যান্টি-ফাঙ্গাল শ্যাম্পু দিয়ে ঘন ঘন মাথা ধুলে স্ক্যাল্পে ছত্রাকের সংক্রমণ হবে না।

চুলে তেল দেবেন না
বর্ষায় মাথার ত্বক বেশি তৈলাক্ত থাকে, তাই এই আবহাওয়ায় চুলে তেল লাগানো উচিত নয়। শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে তেল দিয়ে ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। মাঝে মধ্যে চুলে স্পাও করতে পারেন।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
চুল সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। রোজ ডিমের সাদা অংশ, বাদাম, স্প্রাউট, শস্যদানা, টাটকা ফলমূল, সবুজ শাকসব্জি প্রচুর পরিমাণে খেতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিন যোগাবে।

চিজ, উচ্চ চিনিযুক্ত খাবার এবং মেয়োনিজ খাওয়া থেকে বিরত থাকুন। এই সব প্রক্রিয়াজাত খাবার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং চুল পড়ার সমস্যা বাড়ায়।

হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করবেন না
বর্ষাকালে চুল শুকাতে অনেক বেশি সময় লাগে। তাড়াহুড়োয় আমরা হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনারের মতো সরঞ্জাম ব্যবহার করে থাকি। কিন্তু এই সব জিনিস ব্যবহারে চুলের বিরাট ক্ষতি হয়। এগুলি চুলের আর্দ্রতা নষ্ট করে এবং কিউটিকলের ক্ষতি করে। চুলকে ভঙ্গুর ও দুর্বল করে তোলে এই সব সরঞ্জাম। যার ফলে আরও চুল পড়ে।

প্রাকৃতিক হাওয়ায় চুল শুকিয়ে নিন
শ্যাম্পু করার পর তোয়ালে দিয়ে চুল ও স্ক্যাল্প ভাল ভাবে মুছে নিন। তবে তোয়ালে গিয়ে চুলে খুব জোরে ঘষবেন না। এতে চুলের ক্ষতি হয়। প্রাকৃতিক হাওয়া বা ফ্যানের তলায় চুল ভাল ভাবে শুকিয়ে নিন। চুল ভেজা অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল থাকে। তাই ভেজা অবস্থায় চুল বাঁধবেন না এবং আঁচড়াবেন না।

X
Desktop Bottom Promotion