প্রাকৃতিক এই উপাদানগুলিতেই বাড়বে জেল্লা, সুস্থ থাকবে ত্বক!

জেল্লাদার, মসৃণ ত্বকের স্বপ্ন সকলেরই থাকে। তার জন্য আমরা কত ধরনের নামীদামী প্রোডাক্টই না ব্যবহার করি। কিন্তু কেনা প্রোডাক্টে কেমিকেল থাকায় পার্শ্বপ্রতিক্রিয়ার একটা ঝুঁকি থেকেই যায়। তাই অনেকেই বাজারজাত পণ্য ছেড়ে প্রাকৃতিক জিনিসের উপরই বেশি ভরসা করেন। বাড়িতেই বানিয়ে নেন ত্বক পরিচর্চার নানা সামগ্রী।

ঘরোয়া রুপচর্চায় এমন কিছু জিনিস আমরা ব্যবহার করি, যেগুলি বহু যুগ ধরেই ভারতীয় স্কিন কেয়ার রুটিনে ব্যবহার হয়ে আসছে। জেনে নিন তেমনই কিছু প্রাকৃতিক উপাদান সম্পর্কে।

Skincare Secrets For Glowing Skin

হলুদ

ভারতীয় রুপচর্চায় হলুদ অন্যতম প্রধান উপাদান। অগুনতি গুণে ঠাসা এই মশলা। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। যা ত্বকের লালচেভাব কমায় এবং ত্বক উজ্জ্বল করে তোলে।

নিম

অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ নিম ত্বকের নানা সমস্যার সমাধান করে নিমেষেই। বিশেষ করে, ত্বকের ব্রণ-পিম্পল এবং দাগছোপ কমাতে নিমের জুড়ি মেলা ভার।

চন্দন

চন্দন তার সুগন্ধের জন্য বিখ্যাত। পাশাপাশি ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী। চন্দন ত্বকের জ্বালাপোড়া, চুলকানি প্রশমিত করে এবং জেল্লাও বাড়ায়।

গোলাপ জল

ত্বকের পরিচর্যায় গোলাপ জলের ভূমিকা অপরিসীম। গোলাপ জল ত্বকের pH লেভেলের ভারসাম্য বজায় রাখে, ত্বক হাইড্রেট করে এবং নিস্তেজ ত্বকে প্রাণ ফেরায়।

অ্যালোভেরা

ত্বকের জন্য খুবই উপকারী প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা। এটি শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে, প্রদাহ কমায়, উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের তারুণ্যতা বজায় রাখে।

বেসন

ভারতীয় রুপচর্চার অন্যতম অংশ বেসন। বেসনের ফেসপ্যাক ব্যবহারে ত্বকের মরা চামড়া দূর হয় এবং উজ্জ্বলতা বাড়ে। এছাড়া, ত্বকের অতিরিক্ত তেল উৎপাদনও নিয়ন্ত্রণ করে বেসন।

নারকেল তেল

যুগ যুগ ধরে ভারতীয় স্কিন কেয়ার রুটিনে ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। এই তেল ত্বকে পুষ্টি যোগায়, ত্বক হাইড্রেট রাখে এবং ক্ষতিগ্রস্ত টিস্যুও মেরামত করে।

মুলতানি মাটি

ফেস মাস্কের জনপ্রিয় উপাদান মুলতানি মাটি। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ছিদ্র শক্ত করে এবং ত্বকের সতেজতা বাড়ায়।

কেশর

বিশ্বের সবচেয়ে দামী মশলা হিসেবে পরিচিত কেশর। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেশরের জুড়ি মেলা ভার। এ ছাড়াও, কেশর ত্বকের গঠন উন্নত করে এবং পিগমেন্টেশন কমায়।

টক দই

ত্বক পরিচর্যায় অন্যতম উপকারী উপাদান দই। প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই ত্বকের প্রদাহ প্রশমিত করে, শুষ্ক ত্বক ময়েশ্চারাইজ করে এবং ত্বক সুস্থ রাখে।

Story first published: Wednesday, August 23, 2023, 20:20 [IST]
X
Desktop Bottom Promotion