Hair Care Tips: শ্যাম্পু তো করেন, কিন্তু চুল ধোওয়ার ঠিকঠাক নিয়ম জানেন তো?

চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন রয়েছে, সে কথা তো সকলেরই জানা। কিন্তু শ্যাম্পু করার সঠিক নিয়ম সম্পর্কে সিংহভাগ মহিলাই অবগত নন। ফলে অবুঝের মতো শ্যাম্পু ব্যবহারের কারণে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায় এবং আরও বেশি ঝরতে থাকে।

তাই কী কী নিয়ম মেনে চুল ধোওয়া উচিত, সে সম্পর্কে জেনে নেওয়াটা খুব জরুরি। তবেই চুল পড়া কমবে এবং চুলের হারিয়ে যাওয়া জেল্লাও ফিরে আসবে। বলা ভাল চুলের স্বাস্থ্য বজায় থাকবে।

hair washing tips

চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু কিনুন
প্রথমেই চুলের ধরন বুঝে শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই করতে হবে। আপনার চুল শুষ্ক, তেলতেলে কিংবা মিশ্র ধরনের কী না, তা বুঝে নিয়ে শ্যাম্পু ও কন্ডিশনার বাছাই করুন।

শ্যাম্পু করার আগে চুলে তেল দিন
চুলে শ্যাম্পু করার ২-৩ ঘণ্টা আগে স্ক্যাল্প এবং চুলে ভাল করে তেল লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। চুলে তেল মাখলে, তবেই শ্যাম্পুতে যে সব রাসায়নিক থাকে, তা থেকে চুলের গোড়াটা বাঁচানো যাবে। নারকেল তেল ব্যবহার করা সবচেয়ে ভাল। এর পাশাপাশি অলিভ অয়েল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন।

বড় দাঁতের চিরুনি দিয়ে জট ছাড়ান
শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়ানো খুব গুরুত্বপূর্ণ। বড় এবং চওড়া দাঁতের চিরুনি খুব সহজেই চুল জটমুক্ত করতে পারে। এতে চুলে টান কম পড়ে, চুল ভাঙা এবং পড়াও আটকায়।

চুলে শ্যাম্পু করুন
প্রথমে একেবারে হালকা গরম জল দিয়ে চুল ভাল ভাবে ধুয়ে নিন। এক মিনিট চুল ভিজিয়ে রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল এবং মাথার ত্বক ভাল ভাবে পরিষ্কার করুন। শ্যাম্পু করার সময় মাথার ত্বকে ম্যাসাজ করবেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল ভাল থাকে।

শ্যাম্পু করার পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। হালকা গরম পানি আপনার চুলের কিউটিকল খুলে দেবে এবং ঠান্ডা জল তা বন্ধ করবে। চুলের কিউটিকাল খোলা থাকলে আর্দ্রতা কমতে থাকে।

কন্ডিশনার ব্যবহার করুন
শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। তবে ভুলেও মাথার ত্বকে কন্ডিশনার লাগাবেন না। শুধুমাত্র চুলে লাগান। কন্ডিশনার লাগানোর পর পাঁচ মিনিট রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন।

মাথা মোছা
চুল ধোওয়ার পর একেবারে নরম তোয়ালে দিয়ে মাথা মুছুন। কিন্তু কখনই খুব জোরে ঘষে ঘষে মাথা মুছবেন না। এতে চুল ঝরতে পারে। একেবারে আলতো হাতে মাথা মোছার চেষ্টা করুন।

চুল শুকানো
হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর চেয়ে, প্রাকৃতিক হাওয়ায় বা ফ্যানের তলায় চুল শুকানো ভালো। কারণ ড্রায়ারের অতিরিক্ত তাপ চুল রুক্ষ, শুষ্ক করে তোলে। এতে চুল ঝরে আরও বেশি। তাই, চুল প্রাকৃতিকভাবে শুকাতে দিন।

X
Desktop Bottom Promotion