প্রিয়াঙ্কার মতো ঝলমলে ত্বক ও চুল পেতে চান? মেনে চলুন এই টিপস

Priyanka Chopra's Beauty Routine in Bengali: ১৮ জুলাই ৪১-এ পা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। যদিও নায়িকাকে দেখে তাঁর বয়স বোঝার উপায় নেই। কিশোরীর লালিত্য এখনও তাঁর চোখেমুখে। ৪০ পেরিয়েও কী ভাবে এমন সৌন্দর্য ধরে রেখেছেন, তা নিয়ে সকলের মনেই প্রশ্ন জাগে। শুধু ত্বক নয়, প্রিয়াঙ্কার চুলের জৌলুসও চোখ ধাঁধানো।

শুধু বলিউড নয়, প্রিয়াঙ্কা এখন গ্লোবাল আইকন। হলিউডও কাঁপাচ্ছেন তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। তবে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর রুপেও মুগ্ধ গোটা বিশ্ববাসী। তাঁর সৌন্দর্যের রহস্য নিয়ে সন্দিহান অনেকেই।

প্রিয়াঙ্কা কী ভাবে নিজের রূপচর্চা করেন তা নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। প্রতিবারই তিনি জানিয়েছেন, রূপচর্চা করতে তিনি ঘরোয়া টোটকাতেই বেশি ভরসা রাখেন। কোন কোন ঘরোয়া উপকরণ কাজে লাগান চুল ও ত্বকের পরিচর্যায়? চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রীর সুন্দর ত্বকের রহস্য।

Priyanka Chopras Beauty Routine

উবটান ফেস মাস্ক
ঝলমলে মসৃণ ত্বক পাওয়ার জন্য প্রচুর টাকা-পয়সা খরচ করার প্রয়োজন নেই। বরং রান্নাঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই এক্ষেত্রে কার্যকর হতে পারে। দেশি গার্ল প্রিয়াঙ্কাও কিন্তু ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন। ত্বকের দাগছোপ, সান ট্যান থেকে বাঁচতে তিনি ঘরে তৈরি ফেসপ্যাকই কাজে লাগান।

২ টেবিল চামচ আটা, এক চিমটি হলুদ, লেবুর রস, ১ টেবিল চামচ টক দই, কয়েক ফোঁটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখ ভালো ভাবে পরিষ্কার করে এই ফেসপ্যাক লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ব্যবহারে সান ট্যান, ত্বকের ছোটো ছোটো রোম এবং মৃত কোষ দূর হবে। ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে।

মেকআপ অপসারণের জন্য নারকেল তেল
ত্বকে মেকআপ রেখে দিলে ছিদ্রগুলি আটকে যায় এবং সেখান থেকেই ব্রণের উৎপত্তি হয়। তাই বাড়ি ফিরে সবার আগে ভালো ভাবে মেকআপ তুলে ফেলা প্রয়োজন।

মেকআপ তোলার জন্য নামীদামী পণ্যের থেকে নারকেল তেল বেশি পছন্দ প্রিয়াঙ্কার। এর জন্য অভিনেত্রী পুরো মুখে নারকেল তেল মেখে কিছুক্ষণ রাখেন। তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে আলতো করে মুখ মুছে নেন। এতে ত্বকের ময়লা ও মেকআপ তো ওঠেই, এর পাশাপাশি ত্বক এক্সফোলিয়েটও হয়।

চুল ও স্ক্যাল্পের যত্ন
খুশকির কারণে চুল ঝরে প্রচুর। রুক্ষ-শুষ্ক হয়ে যায়। কম-বেশি সকলেই এই সমস্যায় ভোগেন। চুলের যত্নেও ঘরোয়া টোটকার কথা জানিয়েছেন অভিনেত্রী। ঘরোয়া একটি প্যাক দিয়েই চুল ভালো রাখেন তিনি।

প্রিয়ঙ্কার মতো ঘন, কালো, জেল্লাদার চুল পেতে হলে ঘরে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। ১ টেবিল চামচ টক দই, এক চা চামচ মধু, একটা ডিম একসঙ্গে মিশিয়ে থকথকে মিশ্রণ বানিয়ে নিন। ঘরোয়া এই হেয়ার প্যাক ভালো করে চুলের গোড়ায় লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে উপকার পাবেন।

ঠোঁটের যত্ন
ঠোঁটের যত্ন নিতে এক বিশেষ ধরনের ঘরোয়া স্ক্রাব ব্যবহার করেন প্রিয়াঙ্কা। এই স্ক্রাবের মূল উপাদান হল সৈন্ধব লবণ। এটি এক চিমটি লাগবে। এর সঙ্গে এক চা চামচ গ্লিসারিন আর এক চা চামচ গোলাপ জল মিশিয়ে ঠোঁটে ভালো ভাবে ঘষতে থাকুন। নিয়মিত এই স্ক্রাব ব্যবহারে ঠোঁটের কালো দাগছোপ উঠে যাবে এবং জেল্লাও ফিরবে।

X
Desktop Bottom Promotion