বর্ষবরণের পার্টির আগে ত্বকের জেল্লা ফেরাতে চান? চকোলেট ফেশিয়ালেই হবে কেল্লাফতে!

Chocolate Facial at Home: বড়দিন চলে গেলেও, শীতে উৎসবের তো কমতি নেই। পার্টি, পিকনিক একের পর এক চলতেই থাকে। সামনেই রয়েছে বর্ষবরণের পার্টি। কিন্তু অফিসে ছুটি নেই। কাজের খুব চাপ। তাই নিজের দিকে আলাদা করে তাকানোরই সময় নেই। এ দিকে শীতে ত্বকের অবস্থা একেবারে বেহাল হয়ে গিয়েছে। তার উপর সারা দিনের ক্লান্তি তো রয়েছেই। কাজ থেকে বাড়ি ফিরে কোনও মতে পোশাক বদলেই দৌড়তে হবে।

কিন্তু আনন্দ-অনুষ্ঠানে একটু সাজগোজ করে না গেলে হয়! তাই শত ব্যস্ততার মাঝেও একটু সময় বার করে যদি বাড়িতেই চকোলেট ফেশিয়াল করে ফেলতে পারেন, তা হলে কিছুক্ষণের মধ্যেই ত্বক হয়ে উঠবে ঝলমলে। দেখে নিন কী ভাবে করবেন চকোলেট ফেশিয়াল।

chocolate facial

ধাপ ১: ডার্ক চকোলেট এবং ব্রাউন সুগার স্ক্রাব

প্রথমে কিছুটা ডার্ক চকোলেট গলিয়ে নিন। এতে ১ টেবিল চামচ দুধ এবং ২ টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন ভালো ভাবে। ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে, তারপর লাগান এই স্ক্রাবটি। বৃত্তাকার ভঙ্গিতে মিনিট পাঁচেক ঘষুন মুখে। খুব জোরে ঘষবেন না, তাহলে ত্বকের ক্ষতি হতে পারে। আলতো হাতে ঘষুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।

উপকারিতা

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ডার্ক চকোলেট ত্বকে বলিরেখা পড়তে দেয় না, ট্যান পড়া আটকায়। দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং আর্দ্রতা ধরে রাখে। চিনি ত্বকের মরা কোষ অপসারণে সাহায্য করে।

ধাপ ২: ম্যাসাজ

মিল্ক চকোলেট গলিয়ে, তার সঙ্গে ১ টেবিল চামচ টক দই এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মুখের পাশাপাশি গলায়ও এই মিশ্রণ দিয়ে ম্যাসাজ করুন মিনিট পনেরো। তারপর শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

মিল্ক চকোলেট ত্বক ময়েশ্চারাইজ করে। টক দই ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়। মধু ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বক মসৃণ ও কোমল রাখে।

ধাপ ৩: ফেসপ্যাক

২ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ দুধের সর, অর্ধেক পাকা কলা এবং কয়েক ফোঁটা ভিটামিন ই তেল ভালো ভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে ও গলায় মেখে শুকোতে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

কোকো পাউডার এবং ভিটামিন ই ত্বক সুস্থ রাখে, ট্যান কমায় এবং মুখে রক্ত সঞ্চালন বাড়ায়। কলা ত্বককে ময়েশ্চারাইজ করে, বলিরেখা দূর করে। দুধের সর ত্বককে কোমল এবং উজ্জ্বল রাখে।

X
Desktop Bottom Promotion