চুল উজ্জ্বল আর কোমল হবে মধুর পুষ্টিগুণে! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

শুধু রোগ-ব্যাধির জন্য নয়, রূপচর্চায়ও মধু দারুণ কাজ করে। বহু কাল ধরেই রূপচর্চায় মধু ব্যবহৃত হয়ে আসছে। ত্বক ও চুলের জেল্লা বাড়াতে মধু দারুণ কার্যকর। মধু চুল ও স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে, চুলে জট পড়তে দেয় না এবং চুল পড়াও রোধ করে। তাই চুলের যত্নে বেছে নিতেই পারেন এই সেরা প্রাকৃতিক উপাদান। জেনে নিন চুলের সব সমস্যা দূর করে কী ভাবে ব্যবহার করবেন মধু।

Honey-Based Hair Masks For Shiny, Frizz Free Hair

মধু এবং আপেল সাইডার ভিনেগার

মধুর হেয়ার মাস্ক স্ক্যাল্পের জ্বালা এবং চুলকানি কমাতে পারে। অ্যাপেল সাইডার ভিনেগার মাথার ত্বক পরিষ্কার রাখে।

একটি পাত্রে আধা কাপ হালকা গরম জল, দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং তিন টেবিল চামচ মধু মেশান। এই মিশ্রণটি মাথার ত্বকে এবং পুরো চুলে লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

কলা, মধু এবং অলিভ অয়েল

কলা মাথার ত্বকে ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। অলিভ অয়েল স্ক্যাল্প ভাল রাখে এবং চুল নরম, উজ্জ্বল করে।

ব্লেন্ডারে ২টো পাকা কলা, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং হাফ কাপ মধু মিশ্রিত করুন। একেবারে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার স্ক্যাল্প ও পুরো চুলে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ২৫ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন।

মধু এবং নারকেল তেল

নারকেল তেল চুলে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে, যা চুল ভালো রাখে।

একটি পাত্রে আধা কাপ নারকেল তেল এবং আধা কাপ মধু একসঙ্গে মেশান। এই মিশ্রণটি চুলে এবং মাথার ত্বকে লাগান। ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর আরও ২০ মিনিটের রেখে দিন। এবার শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত দু'বার এই প্যাকটি লাগান। তাহলেই ফল পাবেন হাতেনাতে!

মধু এবং টক দই

চুল কোমল রাখতে ব্যবহার করুন মধু আর টক দইয়ের হেয়ার প্যাক। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আধ কাপ টক দইয়ে পরিমাণমতো মধু মেশান। এই মিশ্রণটা ২০ মিনিট লাগিয়ে রাখুন চুলে। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

মধু এবং ডিম

দু'টো ডিম ভেঙে ফেটিয়ে নিন। তাতে ২ টেবিলচামচ মধু দিয়ে আবার ভালো করে ফেটান। পুরো চুল ও স্ক্যাল্পে এই হেয়ার প্যাকটা ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রাখার পর শ্যাম্পু করুন।

Story first published: Thursday, December 15, 2022, 19:20 [IST]
X
Desktop Bottom Promotion