স্ট্রবেরি ও ব্রাউন সুগার স্ক্রাবেই ফিরবে ত্বকের জেল্লা! কী ভাবে বাড়িতেই বানাবেন?

Homemade Strawberry and Brown Sugar Face Scrub in Bengali: স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার জন্য অনেকেই ভরসা রাখেন বাজার চলতি কিছু প্রসাধনীর উপর। কিন্তু নামী-দামি প্রোডাক্টের পিছনে পয়সা নষ্ট করে যখন কোনও লাভ হয় না, তখন সেই ঘরোয়া উপাদানের সাহায্যই নিতে হয়।

ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে কাজে লাগান স্ট্রবেরি এবং ব্রাউন সুগার। এই দু'টি উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস স্ক্রাব। সেই ফেস স্ক্রাবেই ত্বক টানটান হবে, ব্রণ দূর হবে এবং কালো দাগছোপও হালকা হয়ে যেতে পারে। ত্বকের মৃত কোষ, বলিরেখা দূর করতেও কার্যকর এই ফেস স্ক্রাব। কী করে বানাবেন স্ট্রবেরি এবং ব্রাউন সুগারের ফেস স্ক্রাব, জেনে রাখুন প্রণালী।

Strawberry and Brown Sugar Face Scrub

স্ট্রবেরির উপকারিতা
স্ট্রবেরি ভিটামিন সি-তে পরিপূর্ণ। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। যার ফলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ে, বার্ধক্যের ছাপ ও বলিরেখা কমে। স্ট্রবেরি ত্বকে ব্রণ হওয়া আটকায়, দাগছোপ দূর করে ত্বক মসৃণ ও উজ্জ্বল করে তোলে। ত্বকের তারুণ্যতা বজায় রাখে এই ফল।

ব্রাউন সুগারের উপকারিতা
ব্রাউন সুগার চমৎকার প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট। ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এই বাদামী রঙের চিনি। মৃত কোষ এবং ময়লা অপসারণ করে ত্বকের জেল্লা বাড়ায়। ব্রণ, ব্ল্যাকহেডসের সমস্যায়ও কাজে দেয় ব্রাউন সুগার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা ত্বকে ক্ষতিকারক প্রভাব পড়তে দেয় না। শুষ্ক চামড়ার হাত থেকেও রেহাই পাওয়া যায়।

ব্রাউন সুগারে প্রচুর পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের পোড়া ভাব কিংবা অন্য কোনও দাগ দূর করে। ফলে ত্বকের উজ্জ্বলতা আরও বাড়ে।

স্ট্রবেরি এবং ব্রাউন সুগার ফেস স্ক্রাব
৩-৪টে পাকা স্ট্রবেরি ভালো করে জলে ধুয়ে নিন। বৃন্তটা ছিঁড়ে নেবেন। এবার মিক্সিতে স্ট্রবেরির মিহি পেস্ট তৈরি করুন। একটি পাত্রে স্ট্রবেরি পেস্ট, ২ টেবিল চামচ ব্রাউন সুগার এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন।

প্রথমে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। চোখের চারপাশ ছেড়ে পুরো মুখ ও গলায় স্ট্রেবেরির স্ক্রাব লাগিয়ে মিনিট দুয়েক ম্যাসাজ করুন। আরও পাঁচ মিনিট মুখে স্ক্রাবটি রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। মুখ মোছার পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।

X
Desktop Bottom Promotion