ত্বকে মৃত কোষ জমে জেল্লা হারিয়েছে? প্রাকৃতিক স্ক্রাবেই বাঁচান আপনার ত্বক!

প্রতিদিনই কাজকর্মের সুবাদে বাড়ির বাইরে বেরোতে হয়। ধুলো, ধোঁয়া, রোদ, দূষণের (Pollution) খপ্পরে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বকের। দিনের পর দিন ধুলো-ময়লা জমে ত্বকের উপর মরা চামড়ার আস্তরণ পড়তে থাকে। স্বাভাবিক ভাবেই ত্বক নিজের ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। ত্বকের মৃত কোষ যত ক্ষণ না সরানো যাবে, তত ক্ষণ হাজার চেষ্টাতেও ফিরবে না জেল্লা।

রোজ ফেস ওয়াশ কিংবা ক্লিনজার দিয়ে মুখ ধোওয়ার পরেও ত্বকে মৃত কোষ থেকেই যায়। এই কারণেই ত্বকের গভীর পর্যন্ত পরিষ্কারের জন্য স্ক্রাব ব্যবহার করা খুবই জরুরি। স্ক্রাব ব্যবহারে ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস অনেকটাই দূর হয়। ফলে ত্বক মসৃণ ও নরম হয়।

Homemade scrubs

কিন্তু বাজারচলতি স্ক্রাবে থাকা নানা রাসায়নিক উপাদান ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব। কী ভাবে করবেন? রইল তারই হদিশ।

মধু এবং চিনি

মধুর সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে ত্বকে মেখে নিন। হালকা হাতে ঘষতে থাকুন খানিকক্ষণ, যত ক্ষণ না চিনি গলে যায়। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে। ব্রাউন সুগার ত্বকের মৃত কোষ পরিষ্কার করে।

নারকেল তেল এবং কফি পাউডার

নারকেল তেলের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে মেখে নিতে পারেন। খানিকক্ষণ হালকা হাতে ঘষুন। তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। কফি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। নারকেল তেল ত্বকে পুষ্টি যোগায়, হাইড্রেট রাখে।

ওটমিল এবং দই

গুঁড়ো করা ওটমিলের সঙ্গে টক দই মিশিয়ে নিন। এই পেস্ট ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। এই ঘরোয়া স্ক্রাব ব্যবহারে মৃত কোষের সঙ্গে সঙ্গে ত্বকের ট্যানও দূর হবে। ত্বক আর্দ্র থাকবে।

শসা এবং চিনি

শসার ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শসা ত্বকের জ্বালাপোড়া, যন্ত্রণা, লালচে ভাব, র‍্যাশ কমায় এবং ত্বককে হাইড্রেট রাখে।

পাকা পেঁপে এবং ব্রাউন সুগার

পাকা পেঁপের পেস্ট বানিয়ে এর সঙ্গে ব্রাউন সুগার মেশান। ত্বকে কয়েক মিনিট ঘষুন এই মিশ্রণ। তারপর জলে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব ত্বকের মরা চামড়া তুলে ত্বক মসৃণ করে।

অ্যালোভেরা এবং বেকিং সোডা

অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে বানিয়ে নিন স্ক্রাব। হালকা হাতে ত্বকে কিছুক্ষণ স্ক্রাব করার পর জলে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বক প্রশমিত করে এবং হাইড্রেট রাখে। বেকিং সোডা ত্বকের মৃত কোষ অপসারণ করে ত্বক মসৃণ ও নরম রাখে।

অলিভ অয়েল এবং নুন

নুন কেবল খাবারের স্বাদই ধরে রাখে না, ত্বকের যত্ন নিতেও দারুণ কাজ করে। অলিভ অয়েলের সঙ্গে নুন মিশিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব। কিছুক্ষণ ত্বকে ম্যাসাজ করার পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। অলিভ অয়েল ত্বক ময়েশ্চারাইজ করে। নুন ত্বকের মৃত কোষ দূর করে।

Story first published: Wednesday, August 2, 2023, 18:09 [IST]
X
Desktop Bottom Promotion