চকোলেটের গুণে ফিরবে ত্বকের জেল্লা! বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট ফেসপ্যাক

চকোলেট পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। এক টুকরো চকোলেট নিমেষেই যে কারুর মুড ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে। প্রিয়জনের মুখে হাসি ফোটাতেও একটা চকোলেটই যথেষ্ট। গবেষণা বলছে, চকোলেট আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভাল। সুস্থ থাকতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ডার্ক চকোলেট খাওয়া যেমন স্বাস্থ্যকর, তেমনই ত্বকের জন্যও উপকারী।

ডার্ক চকোলেট ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। ফ্ল্যাভোনয়েড ত্বকের ক্ষতি রোধ করে, কোলাজেন উৎপাদন বাড়ায় এবং দেহের কোষগুলিকে সুস্থ রাখে। এর ফলে ত্বকের জেল্লা বাড়ে, তরতাজা দেখায় এবং ত্বকের বলিরেখা থেকেও মুক্তি দেয়। তাছাড়া, ডার্ক চকোলেটে থাকা জিঙ্ক উপাদান ত্বক পরিষ্কার ও মসৃণ রাখে। ব্রণ প্রতিরোধেও সাহায্য করে।

Chocolate Face Pack

উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করতেই পারেন চকোলেট। শুধু সেটি মুখে না পুরে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। বাজারে হরেক রকম চকোলেট ফেসপ্যাক পাওয়া যায় ঠিকই। তবে বাড়ির তৈরি প্যাক ব্যবহার যে বেশি উপকারী এই বিষয় কোনও সন্দেহ নেই।

মধু, ডার্ক চকোলেট এবং দারুচিনি

ডার্ক চকোলেট গলিয়ে নিন। এক চা চামচ ডার্ক চকোলেটের সঙ্গে সামান্য দারুচিনি গুঁড়ো এবং মধু ভালো ভাবে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

ব্রাউন সুগার এবং ডার্ক চকোলেট

এক টেবিল চামচ গলানো ডার্ক চকোলেটের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে মুখে আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর হাত ভিজিয়ে কয়েক মিনিট আলতো হাতে মুখে ঘষুন। হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

ডার্ক চকোলেট এবং মুলতানি মাটি

ডার্ক চকোলেটের মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল এবং মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। মিনিট কুড়ি পর মুখ ধুয়ে ফেলুন। চকোলেটের এই ফেসপ্যাক ত্বক আর্দ্র রাখে এবং জেল্লা বাড়ায়।

ডার্ক চকোলেট এবং কলা

পাকা কলা চটকে নিন। এতে এক চামচ গলানো ডার্ক চকোলেট, মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

কফি এবং ডার্ক চকলেট

কফি পাউডারের সঙ্গে ডার্ক চকোলেট পাউডার মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর মুখ ভালো করে জলে ধুয়ে ফেলুন।

ডার্ক চকোলেট এবং নারকেল দুধ

ডার্ক চকোলেট এবং নারকেল দুধের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন মিনিট কুড়ি। তারপর ধুয়ে ফেলুন।

ডার্ক চকোলেট এবং ওটস

ওটস গুঁড়ো করে তাতে এক টেবিল চামচ ডার্ক চকোলেট মেশান। মুখে ২০ মিনিট মতো লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Thursday, January 11, 2024, 22:57 [IST]
X
Desktop Bottom Promotion