Banana Hair Masks: চুল পড়া থেকে ডগা ফাটা, সব সমস্যার সমাধানে একাই একশো কলা! দেখুন কী ভাবে ব্যবহার করবেন

ধুলোবালি, দূষণের কারণে চুল একদম রুক্ষ, শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। চুলের হাল ফেরাতে ঠিক যতটা যত্ন করা প্রয়োজন, ততটা আমরা কেউই করি না! ফলে দিন দিন আরও খারাপ হতে থাকে চুলের অবস্থা। চুল পড়া, ডগা ফাটা, চুল ভাঙা, এর সঙ্গে খুশকিও দেখা দেয়।

তাই বলে পার্লারে ছোটার দরকার নেই। প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই চুলের যত্ন নিলে চুলের হাল ফিরতে পারে। চুলের জন্য খুব উপকারী কলা। পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬, ম্যাগনেশিয়াম এবং প্রোটিনে ভরপুর কলা কেবল মাত্র ত্বকই নয়, চুলকেও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে পারে।

আজ আপনাদের জন্য রইল কলা দিয়ে তৈরি কিছু হেয়ার মাস্ক। চুলের যে কোনও সমস্যার হাত থেকে মুক্তি মিলবে নিয়মিত কলার হেয়ার মাস্ক ব্যবহারে!

Banana Hair Masks

কলা এবং নারকেল তেল

একটি পাকা কলা চটকে তার সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ নারকেল দুধ মিশিয়ে নিন। ঘন মসৃণ পেস্ট তৈরি করুন।

প্রথমে শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। তারপর চুল ভাগ ভাগ করে স্ক্যাল্প ও পুরো চুলে লাগান এই হেয়ার মাস্ক। শাওয়ার ক্যাপ দিয়ে ৩০ মিনিট মাথা ঢেকে রাখুন। তারপর আবার শ্যাম্পু করে নিন।

কলার হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা ধরে রাখে, জেল্লা ফেরায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নারকেল তেল চুলের গোড়ায় গিয়ে পুষ্টি যোগায়, চুল পড়াও বন্ধ করে।

কলা এবং ডিম

পাকা কলা চটকে নিন। এর সঙ্গে ২টো ডিম, ১ চা চামচ অলিভ অয়েল এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। পুরো স্ক্যাল্প এবং চুলে মাস্কটি ভালো ভাবে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করুন।

এই হেয়ার মাস্ক চুল ঝকঝকে রাখে এবং পুষ্টি যোগায়। ডিম চুলের বৃদ্ধিতে সাহায্য করে। শুষ্ক চুলের জন্য কলার সঙ্গে শুধু ডিমের কুসুম ব্যবহার করুন। আর, তৈলাক্ত চুলের জন্য ডিমের সাদা অংশটা ব্যবহার করা ভালো। তবে নর্মাল চুল হলে কুসুম এবং সাদা অংশ উভয়ই ব্যবহার করা যেতে পারে।

কলা এবং অলিভ অয়েল

পাকা কলা চটকে তার সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে নীচ পর্যন্ত ভালো ভাবে লাগান হেয়ার মাস্কটি। ৩০ মিনিট শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখার পর শ্যাম্পু করে নিন।

এই হেয়ার মাস্ক চুলকে কন্ডিশন করে। চুল নরম ও সিল্কি করে তোলে। অলিভ অয়েল চুল পড়া কমায়।

কলা এবং মধু

আধা টেবিল চামচ মধু পাকা কলার সঙ্গে মেখে নিন। চুল শ্যাম্পু করে হালকা শুকিয়ে নিন। তারপর স্ক্যাল্প এবং পুরো চুলে হেয়ার মাস্ক লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

মধু রুক্ষ, শুষ্ক চুলে আর্দ্রতা যোগায় এবং চুলের উজ্জ্বলতা ফেরায়। মধুতে রয়েছে ব্যাকটেরিয়ারোধী, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, ফলে খুশকির চিকিৎসায় দারুণ কার্যকর। চুলকে মজবুতও করে এই প্রাকৃতিক উপাদান।

কলা এবং অ্যালোভেরা

অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। ব্লেন্ডারে পাকা কলার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। চুলে শ্যাম্পু করে হালকা শুকিয়ে নিন। তারপর চুলের গোড়া থেকে নীচ পর্যন্ত হেয়ার মাস্কটি লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। দুই ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এ, বি, সি এবং ই। এই সব গুণই চুল পড়া, খুশকি, অ্যালোপেসিয়া এবং আরও অনেক সমস্যা প্রতিরোধে সহায়তা করে। এ ছাড়া, অ্যালোভেরার ভিটামিন বি১২ চুলের অকাল পক্কতা এবং চুল পড়া রোধ করে।

কলা এবং টক দই

টক দই চুল পড়া ও ডগা ফাটা প্রতিরোধ করে, চুলের রঙ ধরে রাখে এবং চুলকে কন্ডিশন করে।

একটি পাকা কলা চটকে তার সঙ্গে ২-৩ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এই পেস্টটি চুলের গোড়া থেকে নীচ পর্যন্ত লাগান ভালো করে। ৩০ মিনিট শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রেখে, শ্যাম্পু করে নিন।

Story first published: Tuesday, March 28, 2023, 13:32 [IST]
X
Desktop Bottom Promotion