গরমে কম্বিনেশন ত্বকের যত্ন নিন বাড়িতেই, রইল ৫টি ফেস প্যাকের হদিশ

গরমকাল মানেই প্যাচপ্যাচে ঘাম। সব সময়ই মুখ, হাত, পা ঘামে চিটচিটে হয়ে থাকে। কী ভাবে যে একটু রিফ্রেশ হওয়া যায়, তারই সন্ধান চলে অনবরত। তৈলাক্ত ত্বকে ঘাম আর তেল মিলেমিশে ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়, শুষ্ক ত্বকে আরও বেশি টান ধরে এবং রুক্ষ ভাব থাকে। আর যাদের কম্বিনেশন ত্বক, তাদের আবার অন্য় সমস্যা।

কম্বিনেশন ত্বকের কিছুটা অংশ শুষ্ক, আবার কিছু অংশ থাকে তৈলাক্ত। যাদের কম্বিনেশন ত্বক আছে, তাদের সাধারণত টি-জোন (কপাল, নাক, থুতনি) তৈলাক্ত এবং গালের অংশ থাকে শুষ্ক। এই ধরনের ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। ফলে কী ভাবে ত্বকের নিলে কাজে দেবে, তা ভেবেই নাজেহাল হন অনেকে।

Summer Face Packs For Combination Skin

মার্কেটে তৈলাক্ত এবং শুষ্ক ত্বকের জন্য অনেক পণ্য পাবেন, কিন্তু কম্বিনেশন ত্বকের জন্য মাত্র কয়েকটি পণ্যই বিদ্যমান। তবে চিন্তার কিছু নেই! গরমে কম্বিনেশন ত্বকের যত্ন নিন বাড়ি বসেই। ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ফেস প্যাক। আজ আপনাদের জন্য রইল কম্বিনেশন স্কিনের ৫টি ফেস প্যাকের (Face Pack) হদিশ।

মধু, দই এবং গোলাপ জলের ফেস প্যাক
১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। ফেস প্যাকটি পুরো মুখে সমানভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

মধু এবং দই ত্বকের শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ফেরায়। মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। গোলাপ জল ত্বককে সতেজ করে তোলে। গোলাপ জলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ ত্বকের যে কোনও ধরনের জ্বালা, লালচে ভাব, ফোলাভাব ও ব্রণ কমাতে সাহায্য করে। অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

ওটস এবং আমন্ড ফেস প্যাক
১০-১২টা আমন্ড সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পর দিন খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। এতে ১ টেবিল চামচ ওটস, ১ চামচ মধু এবং টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ওটস ত্বকের অতিরিক্ত তেল দূর করে। অন্যদিকে, আমন্ড শুষ্ক ত্বকে পুষ্টি যোগায়।

পেঁপে এবং কলার ফেস প্যাক
কয়েক টুকরো পাকা পেঁপের সঙ্গে পাকা কলা পেস্ট করে নিন। এতে মধু মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাক ত্বক হাইড্রেট রাখে এবং জেল্লা ফেরায়।

মুলতানি মাটির ফেস প্যাক
ত্বকের যত্নে মুলতানি মাটির উপকারিতা কারুরই অজানা নয়। তবে মুলতানি মাটি ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে। তাই এর সঙ্গে গোলাপ জল ব্যবহার করুন। তাহলে ত্বক আর্দ্রতা পাবে।

মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের জ্বালা, যন্ত্রণা, লালচে ভাব প্রশমিত করে এবং ত্বক সতেজ রাখে।

শসার ফেস প্যাক
অর্ধেক শসা পেস্ট করে তাতে ১ চা চামচ মধু এবং আধা চা চামচ দুধের সর মেশান। পুরো মুখে এই পেস্টটি লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। ফেস প্যাক লাগানোর সময় চোখের উপর ২টি শসার স্লাইস রাখতে পারেন।

Story first published: Thursday, May 25, 2023, 16:36 [IST]
X
Desktop Bottom Promotion