স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে এক চিমটে হলুদই যথেষ্ট! কী ভাবে ব্যবহার করবেন?

ইমিউনিটি শক্তিশালী করা হোক বা রূপচর্চা বা রান্নার স্বাদ বাড়ানো, সবেতেই হলুদের জুড়ি মেলা ভার। ত্বক পরিচর্যায় হলুদের (Turmeric) ব্যবহার দীর্ঘদিনের। ব্রণ র‌্যাশের সমস্যায়, ট্যান হালকা করা, ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখতে হলুদের কোনও জবাব নেই। সুন্দর ও মসৃণ ত্বক পেতে ভরসা রাখতেই পারেন হলুদের উপর।

বাড়িতেই হলুদ আর কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ফেসপ্যাক। দেখে নিন রূপচর্চায় কী ভাবে হলুদ ব্যবহার করবেন এবং এর উপকারিতা।

Turmeric Face Pack

মুখে হলুদ ব্যবহারের উপকারিতা

১) হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। হলুদ ত্বক সুস্থ রাখে এবং ত্বকের জেল্লা বাড়ায়।

২) গবেষণায় দেখা গেছে, হলুদে থাকা কারকিউমিন সোরিয়াসিসের চিকিৎসায় সাহায্য করে।

৩) হলুদের অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করতে পারে।

৪) অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের ক্যান্সার, বলিরেখা এবং হাইপারপিগমেন্টেশন হতে পারে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সানবার্নের চিকিৎসায় সাহায্য করে এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে।

বেসন, চন্দন এবং হলুদ

২ চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ এবং ১ চা চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। এতে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। পুরো মুখ এবং গলায় প্যাকটি লাগিয়ে মিনিট ১৫ রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক লাগাতে পারেন। বেসন ত্বকের মৃত কোষ অপসারণে সাহায্য করে। চন্দন ত্বকের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে।

দুধ, আমন্ড এবং হলুদ

দুধ এবং আমন্ড ত্বকের বার্ধক্যের দাগছোপ পড়তে দেয় না। বলিরেখা দূর করে ত্বকের তারণ্যতা বজায় রাখে। ত্বক টানটান ও জেল্লাদার করে তোলে।

১ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ আমন্ড গুঁড়ো এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে ও গলায় লাগান সমানভাবে। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগাতে পারেন।

টক দই এবং হলুদ

ত্বকের জেল্লা বাড়াতে এই ফেসপ্যাক দারুণ উপকারী। ২ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মুলতানি মাটি, ২ চা চামচ গোলাপ জল এবং আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন। পুরো মুখে এবং গলায় সমানভাবে পেস্টটি লাগান। মিনিট ১৫ পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগালেই ফল পাবেন হাতেনাতে!

অ্যালোভেরা এবং হলুদ

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যালোভেরা ত্বক সুস্থ রাখে। ২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চা চামচ টক দই, আধা চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

হলুদের ফেসপ্যাক

ত্বক উজ্জ্বল করে তুলতে হলুদের ফেসপ্যাকের জুড়ি মেলা ভার। হলুদ গুঁড়োর সঙ্গে আমন্ড তেল, মধু, অ্যালোভেরা জেল, টক দই, গোলাপ জল এবং ওটস গুঁড়ো বা বেসন মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন। মুখে ও গলায় ফেসপ্যাকটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। মাসে একবার এই ফেসপ্যাক লাগালেই ফল পাবেন!

X
Desktop Bottom Promotion