ত্বকের জেল্লা কমে গিয়েছে? বলিরেখা দেখা দিচ্ছে? বেদানার খোসা ফেলে না দিয়ে কাজে লাগান!

স্বাস্থ্যের জন্য বেদানা কতটা উপকারী, তা আমরা সকলেই জানি। বেদানার গুণেই দূর হয় হাজারো রোগভোগ। শরীরে রক্তের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, যে কারণে অ্যানিমিয়া রোগে এই ফল ওষুধের মতো কাজ করে। বেদানায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হার্টের জন্যও দারুণ উপকারী বেদানা। উচ্চ রক্তচাপের রোগীদেরও বেদানা খাওয়ার কথা বলেন চিকিৎসকেরা।

ফলের তো গুণ আছেই, পিছিয়ে নেই এর খোসাও। ত্বকের জন্য বেদানার খোসা বেশ ভাল। ত্বকের পরিচর্যায় যদি থাকে বেদানার খোসা, তা হলে রূপলাবণ্য নিয়ে আর ভাবতে হবে না। জেনে নিন, বেদানার খোসা ত্বকের কী কী উপকার করে।

Benefits Of Pomegranate Peel For Skin

ব্রণ এবং র‍্যাশ কমায়

ব্রণ, পিম্পল, র‍্যাশের মতো সমস্যায় ভীষণ উপকারী বেদানার খোসা। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। যে কারণে ত্বককে ব্যাকটেরিয়া এবং অন্যান্য ইনফেকশন থেকে রক্ষা করতে পারে।

মরা চামড়া দূর করে

বেদানার খোসা ত্বকের মৃত চামড়া অপসারণ করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। ফলে ত্বক তার নিজস্ব সজীবতা ফিরে পায় এবং ত্বকের জেল্লা বাড়ে।

ত্বকের অকালবার্ধক্য আটকায়

ত্বকে বয়সের ছাপ, বলিরেখা, ফাইন লাইনস পড়তে দেয় না বেদানার খোসা। খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের প্রতিটি কোষে রক্ত চলাচল সচল রাখে। ত্বক টানটান রাখে।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন

গবেষণায় দেখা গেছে, বেদানার খোসায় থাকা ইলাজিক অ্যাসিড (ellagic acid) ত্বকের কোষের আর্দ্রতা শুকিয়ে যেতে দেয় না। ফলে ত্বক হাইড্রেট থাকে। এ ছাড়া, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও ত্বককে সুরক্ষতি রাখে বেদানার খোসা।

ত্বকের ক্যান্সার হওয়া আটকায়

বেদানার খোসায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ক্যান্সার বৈশিষ্ট্য, যা ত্বকে ক্যান্সার হওয়া আটকায়। এই ফলের খোসা ক্যান্সার কোষের বিস্তার প্রক্রিয়ায় বাধা দেয়। তবে এ ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন।

কোলাজেন উৎপাদনে সাহায্য করে

কোলাজেন হল এক ধরনের প্রোটিন। ত্বকের পরিচর্যা ঠিকমতো না করলে অনেক সময় কোলাজেনের মাত্রা কমে যেতে থাকে। তাছাড়া, খাওয়াদাওয়ায় অনিয়ম, দূষণ, ধূমপানের অভ্যাস, অগোছালো জীবনযাত্রা এবং বয়স বাড়ার সাথে সাথে শরীরে এই প্রোটিন উৎপাদনের হার অনেক কমে যায়।

শরীরে কোলাজেনের ঘাটতি হলেই চেহারায় বয়েসের ছাপ পড়ে, চামড়া ঝুলে যায়, ত্বক জেল্লাহীন এবং নিস্তেজ দেখায়। বেদানার খোসা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে পর্যাপ্ত কোলাজেন পেয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং টানটান থাকে।

Disclaimer: এই আর্টিকেলটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Story first published: Tuesday, August 8, 2023, 16:19 [IST]
X
Desktop Bottom Promotion