Skin care: শীতে ত্বকের অবস্থা বেহাল? রইল মা-ঠাকুমাদের বিশেষ টিপস

By Bhagysree Sarkar

Skin care: আমরা ছোট থেকেই মা-ঠাকুমারা বেসন ও ডাল বেটে গায়ে লাগিয়ে স্নান করিয়ে দিতেন। যখন রোদে বেরিয়ে ত্বকে দাগছোপের সমস্যা দেখা দিত বা ব্রণতে মুখ ভরে যেত, তখনও মায়েদের টোটকাতেই কাজ হত বেশি। কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গেই সেসব প্রাকৃতিক উপাদন ছেড়ে আমরা বাজারজাত পণ্যকে বেছে নিয়েছি।

এতে কাজ তো হয়ই না, বরং বাড়ে ত্বকের আরও সমস্যা। তাই মা-ঠাকুমাদের সেই ঘরোয়া পদ্ধতিতেই (Home remedies for skin care) চোখ বন্ধ করে ভরসা করা যেতেই পারে।

skin care

মূলত, ঘরোয়া উপকরণ দিয়েই ত্বকের যত্নে (Skin care) বিশ্বাসী ছিলেন মা-ঠাকুমারা। আবার সেই যুগে বাজারচলতি এত প্রসাধনীর রমরমিয়ে বাজারও ছিল না। সাধারণ ঘরোয়া উপকরণেই ত্বক থাকতো একেবারে স্বাস্থ্যোজ্জ্বল ও চকচকে।

তাই বাজারজাত পণ্য না ব্যবহার করে বাঙালি মায়েদের প্রিয় এমন কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ম করে ব্যবহার করে দেখুন। একটানা ব্যবহার করে সাতদিনেই ত্বকের জেল্লা ফিরতে পারবেন আপনি। তালিকায় কী কী রয়েছে, দেখে নেওয়া যাক-

  • মধু

আপনার ত্বক নরম, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে মধু ব্যবহার করতে পারেন। এটি একটি খুব কার্যকরী একটি ঘরোয়া প্রতিকার। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি ব্যবহার করতে মুখ ভালো করে ধোয়ার পর মধুর একটি পাতলা লেয়ার লাগাতে হবে। এভাবে প্রায় ২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এর ব্যবহারে আপনার ত্বক আগের চেয়ে নরম, হাইড্রেটেড, পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠবে।

  • দুধের স্বর

ছোটবেলায় রোদে পোড়া ত্বকে মায়েরা প্রায়ই দুধের স্বর মাখিয়ে দিতেন। এতে সহজেই কিছুদিনের মধ্যে ত্বকের কালচে দাগ উঠে যেত। কারণ দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মৃত কোষ তুলে দেয় এবং পরিষ্কার দেখায় ত্বক। চটজলদি ফিরে আসে জেল্লা।

  • গোলাপজল, লেবু ও গ্লিসারিন

মুখের রঙ তাত্ক্ষণিকভাবে উন্নত করতে চাইলে, মায়েদের এই টোটকাও দারুন কার্যকর। একটি বোতলে সমপরিমাণ গোলাপজল এবং গ্লিসারিন মিশিয়ে নিন। এছাড়াও এতে কয়েক ফোঁটা লেবু যোগ করুন। তৈরি আপনার বিউটি সিরাম। এটিকে রাতে ঘুমানোর আগে পরিষ্কার মুখে লাগিয়ে নিন। সকালে মুখ ধুয়েই দেখবেন ত্বকে এক অন্যরকম আভা দেখা যাচ্ছে।

  • বেসন আর মুসুর ডাল বাটা

ছোটবেলায় হয়তো অনেকেই বেসন আর মুসুর ডাল বাটা মেখেছেন। এই দুই উপাদানই প্রাকৃতিক ক্লিনজ়ার হিসেবে বেশ কার্যকরী। এর ব্যবহারে মুখে বয়সের ছাপ পড়ে না। সপ্তাহে ৩দিন ডাল বাটা মাখলেই ত্বক টানটান হবে। এছাড়াও ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, ত্বকের কালো দাগ দূর করতেও এর জুড়ি মেলা ভার।

  • গোলাপ জল

মায়েদের ত্বকের পরিচর্যায় আরও এক ঘরোয়া টোটকা গোলাপ জল। গোলাপ জল ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল কার্যকরী। ত্বকে প্রদাহ কমাতেও ভীষণ ভাল গোলাপ জল।

Story first published: Friday, January 31, 2025, 19:50 [IST]
X
Desktop Bottom Promotion