মসৃণ-উজ্জ্বল ত্বক পেতে এড়িয়ে চলুন এই খাবারগুলি

By Bhagysree Sarkar

উজ্জ্বল ত্বক আমরা কে না চাই? ত্বকের এই উজ্জ্বলতার জন্য আমাদের কতই না চেষ্টা করি। রূপচর্চা থেকে সাজগোজ, সবকিছুই করে দেখা হয়েছে। তবে লাভ মেলেনি। বরং খরচা হয়েছে গাদা টাকার। কারণ শুধু বাইরে থেকে ত্বকের যত্ন নিলেই হবে না, ভেতর থেকে আমাদের ত্বকের স্বাস্থ্য় যাতে ভালো থাকে সেইদিকে নজর দিতেই হবে। নজর দিতে হবে খাবারের দিকে। সারাদিন আমরা যা খাই তা সরাসরি প্রভাব ফেলছে আমাদের ত্বকের উপর।

বর্তমানে আমরা তেল-মশলাদার খাবার খেয়েই অভ্যস্থ। সারাদিনে একবারও যদি নিরামিষ খাবার খাই, তাও গলা দিয়ে নামে না। কিন্তু খাদ্যতালিকাই আমাদের ত্বকের যত্নে সবথেকে বড় ভূমিকা পালন করে। পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিনের খাবারের মেনু থেকে তাই বাদ দিতে হবে বেশ কিছু খাবারয যা ত্বক সুন্দর হওয়ার পাশাপাশি শরীরকেও রাখবে সুস্থ। খাবারের অতিরিক্ত তেল, মশলা আমাদের চামড়ার উপর সরাসরি প্রভাব বিস্তার করে। দীর্ঘদিন ধরে এসব খেতে থাকলে আমাদের ত্বক কালো ও অনুজ্জ্বল হয়ে ওঠে। আজ চলুন জেনে নেওয়া যাক, খাদ্যতালিকায় কোন খাবার বাদ দেবেন-

fastfood
  • নুন-

আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি পূরণ করে নুন। তবে অতিরিক্ত নুন খাওয়ার কারণে মুখে বিশেষ করে, চোখের চারপাশে ফোলাভাব দেখা দেয়। কারণ, আমাদের চোখের চারপাশের ত্বক বেশ পাতলা হয়ে থাকে। অতিরিক্ত নুন খেলে এসব জায়গা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি অতিরিক্ত সোডিয়াম খাওয়ার ফলে ডার্ক সার্কেল এর সমস্যাও হতে পারে। তাই অতিরিক্ত নুন খাওয়াটা এড়িয়ে চলুন।

  • চিনি-

বিশেষজ্ঞরা বলছেন, চিনি শরীরের জন্য খুবই হানিকারক একটি খাবার। চিনিতে প্রচুর ক্যালরি থাকায় এটি খেলে ওজন বেড়ে যায়। পাশাপাশি ত্বকেও খারাপ প্রভাব ফেলে। অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস ত্বকে ইনফ্ল্যামেশন তৈরি করে, যা থেকে একনে ব্রেকআউট দেখা দিতে পারে। পাশাপাশি যাদের পিসিওএসের সমস্যার কারণে একনে হয়, তাদের একনেও অতিরিক্ত চিনি খাওয়ার ফলে বেড়ে যেতে পারে।

  • চকলেট-

আমরা সকলেই কম বেশি চকলেট খেতে পছন্দ করি। কিন্তু সুস্থ ত্বকের জন্য যেসব খাবার আমাদের এড়িয়ে চলাই ভালো। যদি আপনি নিয়মিত চকলেট খেয়ে থাকেন, তবে আপনার শরীরে প্রক্রিয়াজাত চিনির পরিমাণ বেড়ে যাবে মারাত্মক আকারে। এই অতিরিক্ত চিনির কারণে ত্বকে থাকা কোলাজেনের ব্যালেন্স নষ্ট হয়, যা ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে। পাশাপাশি ত্বকের ন্যাচারাল গ্লো হারিয়ে ত্বক হয়ে যায় মলিন। তাই এরপর থেকে চকলেট বা এই জাতীয় কিছু খাওয়ার আগে সাবধান হন।

  • দুগ্ধজাত খাদ্য-

দুধ বা দুগ্ধজাত খাবারের উপকারিতা অনেক। আমরা সকলেই জানি, শরীর ও ত্বকের জন্য দুগ্ধজাত খাদ্য খুবই উপকারী। তবে দুগ্ধজাত খাদ্য অতিরিক্ত পরিমাণে খেলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন, চোখের পাতা ফোলা, আই ব্যাগ, ব্ল্যাকহেডস, ব্রণ ও বলিরেখার মতো নানান সমস্যা।

  • ফাস্টফুড ও তেলে ভাজা খাবার-

আমাদের মধ্যে অনেকেরই বিকেলে একটু চপ, সিঙাড়া,বার্গার, ফ্রায়েড চিকেন এসব খেতে মন চায়। আর মন চাওয়া মাত্রই আমরা খেয়েও ফেলি। এসব খাবার খেতে ভালো লাগলেও, ত্বকের জন্য কিন্তু এগুলি একেবারেই উপকারী নয়। বরং এগুলি আমাদের ত্বকে ইনফ্ল্যামেশন বা ব্রণজনিত সমস্যার জন্য অনেকটাই দায়ী।

  • কফি-

বিকেলের আড্ডা বা ক্লান্তি দূর করতে কফি খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। আবার কেউ কেউ আছেন যাদের কফি না খেয়ে দিনই শুরু হয়না। তবে এই অতিরিক্ত কফি খাওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে ডিহাইড্রেশন এবং সেই সাথে ত্বকের বিভিন্ন সমস্যা।

Story first published: Monday, June 17, 2024, 19:26 [IST]
X
Desktop Bottom Promotion