উজ্জ্বল ত্বক পেতে রোজ ব্যবহার করুন পুদিনার ফেস প্যাক
দৈনন্দিন রুপচর্চায় আজ থেকেই শুরু করুন পুদিনার ব্যবহার। আপনাদের জন্য রইল মিন্ট দিয়ে তৈরি কিছু অসাধারণ ফেস প্যাকের হদিশ, যার নিয়মিত ব্যবহারে ঝলমলিয়ে উঠবে আপনার ত্বক।
Purabi Jana
ব্রণ, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার মতো সমস্যা সমাধানে পুদিনা বা মিন্ট খুবই কাজের। পুদিনা পাতা ত্বককে সুস্থ রাখে। এটি একটি চমৎকার ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
শসা, পুদিনা পাতা, আধা টেবিল চামচ মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই প্যাক প্রয়োগেই ফল মিলবে।
২ টেবিল চামচ ম্যাশ করা কলা, কয়েকটা পুদিনা পাতা একসঙ্গে পিষে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগালেই যথেষ্ট।
কয়েকটা পুদিনা পাতার সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণটি ব্রণ, ব্রণের দাগ এবং ত্বকের ব্রণ-প্রবণ জায়গায় লাগান। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ ওটস, পুদিনা পাতা, ১ চা চামচ মধু, ২ চা চামচ দুধ, আধা ইঞ্চি শসার টুকরো একসঙ্গে মিক্সিতে দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর স্ক্রাব করুন কিছুক্ষণ। এবার ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।
১ টেবিল চামচ মুলতানি মাটি, পুদিনা পাতা, আধা টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ টক দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপরে ঠান্ডা জলে আপনার মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এটি করুন।
২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ মুলতানি মাটি, পুদিনা পাতা একসঙ্গে পিষে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে আপনার মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগালেই ফল পাবেন হাতেনাতে।