ষষ্ঠী থেকে দশমী, পুজোর এই পাঁচটা দিন ট্রেন্ড অনুযায়ী কী পরবেন এবং কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন, জেনে নিন।
Purabi Jana
বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গোৎসব। পুজোর এই পাঁচটা দিনের জন্য, সারা বছর ছোটো থেকে বড় সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
দুর্গা পুজো মানেই নতুন জামাকাপড়, জমিয়ে আড্ডা, প্যান্ডেল হপিং আর খাওয়াদাওয়া। হাসিখুশি আনন্দেই কেটে যায় পুজোর দিনগুলি।
ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায় দুর্গা পুজো। ষষ্ঠীতে অনেকেই হালকা জামাকাপড় পরতে পছন্দ করেন। এথনিক পরতে চাইলে কুর্তি-লেগিংস বা কুর্তি পালাজো ট্রাই করতে পারেন। জিন্স-টপ বা জিন্স-শর্ট কুর্তিও পরতে পারেন। ছেলেরা টি-শার্ট বা শার্টের সাথে জিন্স বা অন্যান্য স্টাইলিশ প্যান্ট পরতে পারেন।
সপ্তমীতে ওয়েস্টার্ন, এথনিক যে কোনও ড্রেস পরতে পারেন। স্লিভলেস কুর্তি-পালাজো কিংবা লেগিংস পরতে পারেন। শাড়ি পরতে চাইলে, হালকা পিওর সিল্কের শাড়ি ট্রাই করতে পারেন। ছেলেরা জিন্সের সাথে শার্ট বা টি-শার্ট আর স্নিকার পড়তে পারেন।
অষ্টমীর সকালে আটপৌরে করে ঢাকাই, তাঁত বা জামদানি শাড়ি পরতে পারেন। রাতে হ্যান্ডলুম, সিল্ক পরতে পারেন। এছাড়া, লেহেঙ্গা, চুড়িদার, আনারকলি পরতে পারেন। ছেলেরা অঞ্জলি দেওয়ার সময় পায়জামা-পাঞ্জাবি পরতে পারেন। রাতে জিন্সের সঙ্গে পাঞ্জাবি অথবা শেরওয়ানিও পরা যেতে পারে।
নবমীতে ইন্দো-ওয়েস্টার্ন পরলে কিন্তু দারুণ মানাবে। এছাড়া, আনারকলি, ফুল হাতা ব্লাউজের সাথে ম্যাচ করে শাড়ি, লং-গাউনও পরা যেতে পারে। ছেলেরা চাইলে জিন্স টি-শার্টের বদলে, জহর কোট এবং সলিড পাঞ্জাবি অথবা ইন্দো-ওয়েস্টার্নও পরতে পারেন।
দশমী মানেই, লাল পাড় সাদা শাড়ি। তাঁত হোক কিংবা জামদানি, তসর অথবা বেনারসি, আটপৌরে করে শাড়ি পরে, চুলে খোপা করবেন। ছেলেরা দশমীতে ধুতির সাথে জমিদারি প্যাটার্নের পাঞ্জাবি কিংবা তসরের পাঞ্জাবি পরতে পারেন।